
মো. রেজওয়ান, রাবি প্রতিনিধি; রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উপাচার্য সহকারী হাই কমিশনারকে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় উভয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সহকারী হাই কমিশনার ভারতের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে রাবির সংস্কৃত বিভাগের একাডেমিক উন্নয়নে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া জামিয়া মিল্লিয়া ইসলামিয়া–এর সঙ্গে রাবির স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যৌথ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে সহকারী হাই কমিশনার উপাচার্যকে একটি প্রকাশনা উপহার দেন এবং উপাচার্য তাঁর পক্ষ থেকে সহকারী হাই কমিশনারকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর হোসনে আরা আরজু, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :