রাকিবের উদ্যোগে জবির সেন্ট্রাল লাইব্রেরির কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ


Bangla Prime প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন / ১০০০
রাকিবের উদ্যোগে জবির সেন্ট্রাল লাইব্রেরির কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ

রাকিব খান, জবি প্রতিনিধি: 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেন্ট্রাল লাইব্রেরিতে ডেইলি বেসিসে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব।

বুধবার (৮ এপ্রিল) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বকেয়া বেতন পরিশোধের ফলে কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে তারা অতিরিক্ত সময় দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। মজুরি প্রদান সাপেক্ষে কর্মচারীরা রাত ১০টা পর্যন্ত লাইব্রেরি খোলা রেখে ডিউটি করতে সম্মতি জানিয়েছেন।

ফেসবুক পোস্টে রিয়াসাল রাকিব বলেন,”সেন্ট্রাল লাইব্রেরিতে ডেইলি বেসিসে কর্মরত কর্মচারীদের ৯ মাসের ৫ লক্ষ টাকার মতো বকেয়া বেতন তাদের একাউন্টে জমা হয়েছে।মজুরি দেয়া সাপেক্ষে রাত ১০ টা পর্যন্ত সেন্ট্রাল লাইব্রেরি খুলা রেখে ডিউটি করতে আগ্রহ প্রকাশ করেছে তারা।”

তিনি আরও বলেন,” ভিসি স্যারের সাথে কথা বলে শীঘ্রই রাত ১০ টা পর্যন্ত লাইব্রেরি এবং লিফট চালু রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ”

এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে পাঠাগার ব্যবহার করার সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।