
মো. রেজওয়ান, রাবি প্রতিনিধি:
বিজু উৎসব উপলক্ষে ছুটি না থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আদিবাসী শিক্ষার্থীরা পদ্মা নদীতে ফুল অর্পণের মাধ্যমে উৎসব উদযাপন করেছেন। এ সময় তারা পুরোনো বছরের দুঃখ-জরা ভুলে নতুন বছরকে বরণ করেন এবং সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
রোববার (১২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে পদ্মা নদীতে ফুল অর্পণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শামীন ত্রিপুরা বলেন, “আগের বছরগুলোতে পরিবারের সঙ্গে বিজু উদযাপন করেছি। কিন্তু এবার ক্যাম্পাসে থাকতে হচ্ছে। সবাই মিলে উৎসবের পরিবেশ তৈরির চেষ্টা থাকলেও পরিবার ছাড়া তা পূর্ণতা পায় না।”
বিজুতে ছুটি না থাকা এবং একই সময়ে ক্লাস-পরীক্ষা চলায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী বিভা চাকমা বলেন, “পহেলা বৈশাখের আগেই আমাদের প্রধান উৎসব বিজু শুরু হয়। আগে ঈদের ছুটিতে বাসায় যেতে পারলেও এবার পারিনি। প্রশাসনকে বারবার জানালেও শুধু আশ্বাসই মিলেছে।”
তিনি আরও বলেন, “পরীক্ষার কারণে ক্যাম্পাসের অনুষ্ঠানেও অংশ নিতে পারিনি। মা ফোন করে বলেছেন, বাসা খালি লাগছে—কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি। মনে হয় আমাদের উৎসবের জন্য কোনো স্বীকৃত ছুটি নেই।”
পাহাড়ি শিক্ষার্থীদের সংগঠন ‘জুম্ম শিক্ষার্থী পরিবার’-এর সভাপতি স্মৃতিময় চাকমা বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উৎসবকালীন ছুটির দাবি জানিয়ে আসছে, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি।”
তিনি আরও বলেন, “ছুটি না থাকার পাশাপাশি এ সময়ে অনেক বিভাগে পরীক্ষা থাকে। ফলে সীমিত পরিসরের আয়োজনেও অনেক শিক্ষার্থী অংশ নিতে পারে না।”
তিনি বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারে পহেলা বৈশাখের ছুটির সঙ্গে চৈত্র সংক্রান্তি ও তার আগের দিন অন্তর্ভুক্ত করার দাবি জানান।
আপনার মতামত লিখুন :