
রাকিব খান, জবি প্রতিনিধি:
সাধারণত সরকারি ছুটির দিনে ক্যাম্পাস যখন নিরিবিলি থাকে, তখন ভিন্ন এক চিত্র দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্যের কার্যালয়ে। প্রশাসনিক কাজে গতি আনতে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফাইল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে শনিবার ছুটির দিনেও দপ্তরে কাজ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
শনিবার (১১ এপ্রিল) উপাচার্যের কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনি গুরুত্বসহকারে বিভিন্ন ফাইল পর্যালোচনা ও স্বাক্ষরের কাজ করছেন। তার এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
ছুটির দিনে কাজ করার বিষয়ে উপাচার্য বলেন, “দাপ্তরিক কাজে দীর্ঘসূত্রতা কমানোই আমার প্রধান লক্ষ্য। অফিসিয়াল কাজে গতি আনতে এর কোনো বিকল্প নেই। আগে একই অফিসে একটি ফাইল চার মাস ধরে পড়ে থাকারও নজির রয়েছে। সেই ফাইলজট নিরসনে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা।”
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মতে, উপাচার্যের এমন সরাসরি তদারকি ও কাজের প্রতি একাগ্রতা প্রশাসনিক জটিলতা কমাতে এবং ফাইলজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :