জবিতে ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার পাচ্ছেন ড. নিস্তার জাহান কবীর


Bangla Prime প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন / ১০০০
জবিতে ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার পাচ্ছেন ড. নিস্তার জাহান কবীর

রাকিব খান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার ২০২৩–২০২৪’-এর জন্য মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ২০২৩ সালে আন্তর্জাতিক সাময়িকী International Journal of Arab and Muslim-এ প্রকাশিত তাঁর একটি গবেষণা প্রবন্ধের জন্য তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গবেষণাপত্রটির শিরোনাম “They are us: Orientalist perspective challenged in New Zealand newspapers’ coverage.”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ড. নিস্তার জাহান কবীরের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

আগামী ৮ এপ্রিল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় অবস্থিত কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।