হাবিপ্রবিতে ছাত্র সংঘর্ষে তদন্ত কমিটি গঠনের ঘোষণা


Bangla Prime প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন / ১০০০
হাবিপ্রবিতে ছাত্র সংঘর্ষে তদন্ত কমিটি গঠনের ঘোষণা

হাবিপ্রবি প্রতিনিধি: 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নাইট ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার (১৪ তারিখ) রাতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ২৫ ব্যাচের কৃষি ও মাৎস্য বিজ্ঞান অনুষদের মধ্যে স্লেজিং থেকে শুরু হওয়া বাকবিতণ্ডা ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩ ব্যাচের কয়েকজন ঘটনাস্থলে গেলে ২৫ ব্যাচের কিছু শিক্ষার্থী তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।

হামলায় মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী পলক (২৩ ব্যাচ), নাফিস (২৪), শুভ্রজিৎ (২৫) ও রিয়াদ (২৫) গুরুতর আহত হন। পলকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার পর মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের একজন শিক্ষার্থী বলেন,

“সিনিয়রদের ওপর এমন সন্ত্রাসী হামলা লজ্জাজনক ও উদ্বেগজনক। হামলাকারীদের পরিচয় আমরা প্রশাসনের কাছে দিয়েছি। দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন,“ঘটনার সুষ্ঠু তদন্তে আজই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বহিষ্কারও হতে পারে। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি।”

তিনি আরও জানান, সাদমান সাকিব, নাগিব, বাদশাহ ও তাহসিনসহ চিহ্নিত অভিযুক্তদের তদন্তের ফলাফল না আসা পর্যন্ত সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।