বেদখল হল উদ্ধারে মাঠে নামবে জবি ছাত্রদল


Bangla Prime প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন / ১০০০
বেদখল হল উদ্ধারে মাঠে নামবে জবি ছাত্রদল

রাকিব খান, জবি প্রতিনিধি: 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর আবাসিক হলসমূহ দখলমুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল।

রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বেদখল হল দ্রুত উদ্ধারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, গত ১০-১১ দিন আগে তারা বেদখল হল উদ্ধারে উদ্যোগ নিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আবাসনসহ কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

তিনি বলেন, “বিগত সরকার ও তৎকালীন ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে হল উদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এমনকি অন্তর্বর্তীকালীন সময়েও এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ ছিল না।”

হিমেল আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর সবচেয়ে বড় সমস্যা আবাসন সংকট। অধিকাংশ শিক্ষার্থী ঢাকার বিভিন্ন এলাকায় বাসা বা মেসে কষ্ট করে থাকে। এই সংকট নিরসনে আবাসিক হল অত্যাবশ্যক।”

তিনি দাবি করেন, আবাসন সমস্যা সমাধানকে ছাত্রদল শিক্ষার্থীদের মৌলিক চাহিদা হিসেবে বিবেচনা করে এবং এ বিষয়ে তাদের রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকেও আশ্বাস রয়েছে।