
রাকিব খান, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জবি প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার আদর্শ ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের একটি সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।
এর আগে দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মো. মেহেদী হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি শেখ শাহরিয়ার হোসেনকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
নবনিযুক্ত সভাপতি শাহরিয়ার হোসেন বলেন, “জবি প্রেসক্লাব সবসময় আপোষহীনভাবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীদের বক্তব্য যেন গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয়, সে লক্ষ্যেই কাজ করে যাবো। এটি যেমন গৌরবের, তেমনি বড় দায়িত্ব।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাসের বিভিন্ন সংকট নিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রেসক্লাব কাজ করবে। একই সঙ্গে সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে রূপ দেওয়ার চেষ্টা থাকবে, যেখানে সবাই নিজের কথা তুলে ধরতে পারবে।”
উল্লেখ্য, জবি প্রেসক্লাব এক যুগ ধরে ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু, শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং সামগ্রিক পরিস্থিতি তুলে ধরতে সংগঠনটির ভূমিকা প্রশংসিত।
আপনার মতামত লিখুন :