
রাকিব খান, জবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও আন্দোলনমুখী করতে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন কমিটির শীর্ষ পদগুলোতে কারা আসছেন তা নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে জল্পনা-কল্পনা চলছে। সভাপতি পদে আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম নাম বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। এর আগে তিনি সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজপথের আন্দোলন এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার কারণে তিনি নেতাকর্মীদের একটি বড় অংশের সমর্থন পাচ্ছেন বলে জানা যায়।
সংগঠন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ছাত্রদলের দুর্বল অবস্থার সময় তিনি টিম–৬ (বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগ)-এর টিমলিডার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে আইয়ুবুর রহমান তৌফিক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়লাভ করেন এবং হল সংসদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি কাজী জিয়া উদ্দিন বাসিত বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও সম্পৃক্ত ছিলেন। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের জন্য নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেন। এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষালয় স্থাপন, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো জনকল্যাণমূলক কাজেও অংশ নিয়েছেন।
রাজনৈতিক জীবনে তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বলেও দলীয় সূত্রে জানা যায়। বিগত সরকারের সময়ে তিনি একাধিকবার কারাবরণ করেন এবং পুলিশের অভিযানে আহত হন। গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্র-জনতার কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকা ছিল বলে নেতাকর্মীরা উল্লেখ করেন।
তৃণমূলের নেতাকর্মীদের মতে, রাজপথের ত্যাগী ও দক্ষ সংগঠক হিসেবে কাজী জিয়া উদ্দিন বাসিত সভাপতি পদের আলোচনায় এগিয়ে আছেন। তবে শেষ পর্যন্ত তারেক রহমান-এর সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ছাত্রদলের পরবর্তী সভাপতি কে হচ্ছেন।
আপনার মতামত লিখুন :