নুরুল হক নুরকে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী হাসান মামুন


Bangla Prime প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন / ১০০০
নুরুল হক নুরকে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী হাসান মামুন

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিজয়ী হওয়ায় বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩।”

হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পটুয়াখালী-৩ আসনের বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি। তবে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও নুরুল হক নুরের নির্বাচনী মনিটরিং সেলের সমন্বয়ক শহিদুল ইসলাম জানিয়েছেন, এ আসনের মোট ৮০টি ভোটকেন্দ্রের ফলাফলে নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৭৩ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন ‘ঘোড়া’ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৯৩০ ভোট। এতে নুরুল হক নুর ২৬ হাজার ৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনটি ছেড়ে দেয় বিএনপি। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন ওই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। পরবর্তীতে ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার এক দিন আগে তিনি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।