ভোটের মাসে বাংলাদেশ: উত্তাপ, আশা আর তারুণ্যের অপেক্ষা


Bangla Prime প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন / ১০০০
ভোটের মাসে বাংলাদেশ: উত্তাপ, আশা আর তারুণ্যের অপেক্ষা

কাশফিয়ান আবিদ: 

ভোটের মাস এলেই দেশের বাতাস বদলে যায়। রাজপথ থেকে অলিগলি, শহর থেকে গ্রাম সর্বত্রই এখন বইছে ভোটের হাওয়া। শীতের সকাল হোক বা তপ্ত দুপুর, প্রচারণার এই উত্তাপ যেন কোনোভাবেই কমছে না।

ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা কলি আর হাতপাখার মিছিলে মুখরিত চারপাশ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে যাচ্ছে দেয়াল, স্লোগানে ভরে উঠছে মোড়। প্রচারণার এই উত্তাপ শুধু রাজনৈতিক মাঠে নয়, ছড়িয়ে পড়েছে মানুষের কথাবার্তা, চায়ের আড্ডা আর সামাজিক যোগাযোগমাধ্যমেও।

এই ভোটের মাসে গোটা বাংলাদেশ যেন নতুন স্বপ্নে বিভোর। কারও চোখে পরিবর্তনের আশা, কারও মনে স্থিতিশীলতার প্রত্যাশা। দীর্ঘদিন পর প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে এমন অনেক তরুণের কাছে এই সময়টা বিশেষ গুরুত্বের। তাদের কাছে ভোট মানে শুধু একটি তারিখ নয়, বরং নিজের মত প্রকাশের প্রথম সুযোগ।

তবে উত্তাপ যতই থাকুক, গণতন্ত্রের সৌন্দর্য এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ব্যালটের মাধ্যমে। এমনটাই মনে করছেন সাধারণ মানুষ ও সচেতন মহল। তাদের মতে, তারুণ্যের প্রথম ভোট ১২ তারিখ হোক যোগ্য প্রার্থীর পক্ষে, প্রতীকের মোহে নয়। কারণ ভোটের দিনই ঠিক করবে, এই উত্তাপ ভবিষ্যতের পথে আশার আলো হয়ে উঠবে, নাকি আবারও হতাশার গল্প লিখবে।