
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের পূর্ব আন্ধারমানিক (কলকুঠি) মাদরাসার সামনে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের ৬ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ৫ জনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। একপর্যায়ে অবরুদ্ধ জামায়াতকর্মীদের সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন।
আন্দারমানিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রচারণার শেষ দিনে তারা কলকুঠি মাদরাসার সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন কর্মী দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন। এ সময় স্থানীয় বিএনপি কর্মীরা বাধা দিলে প্রতিবাদ করা হয়। এর জেরে পাশের বিএনপি অফিস থেকে লাঠিসোটা নিয়ে মোফাজ্জেল দেওয়ান, মোহাম্মদ আলী, আয়নাল মাঝি, আনোয়ার হাওলাদারসহ ২৫–৩০ জন তাদের ওপর হামলা চালায়।
তিনি আরও জানান, হামলাকারীরা তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে খালে ফেলে দেয় এবং একটি মোটরসাইকেল নিয়ে যায়। লাঠির আঘাতে একজনের পা ভেঙে যায় এবং অন্যরা মাথায় গুরুতর আঘাত পান। পরে পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও সেখানে হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সেনাবাহিনীকে ফোন করা হলে তারা এসে উদ্ধার করে।
ইউনিয়ন সভাপতি বলেন, এর আগেও গত ২ ফেব্রুয়ারি মোহাম্মদ আলীসহ একই ব্যক্তিরা জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
পূর্বে দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি আজিমপুর এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণার সময় বিএনপির ধানের শীষের কর্মীরা নারী সমর্থকদের বাধা দেয় এবং হেনস্তা করে।
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :