
আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা কারাগারে বিভিন্ন মামলায় আটক থাকা ১৭ জন বন্দি তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ‘ইন কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি)’ পদ্ধতির আওতায় তাঁরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া।
কারাগার সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে কারাগার থেকেই ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এই ১৭ জন বন্দি।প্রয়োজনীয় সব নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিবন্ধিত সবাই পুরুষ বন্দি; এ তালিকায় কোনো নারী বন্দি নেই।
সূত্র আরও জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত পটুয়াখালী জেলা কারাগারে মোট বন্দির সংখ্যা ছিল ৬৫০ জন। যদিও কারাবন্দিদের স্বেচ্ছায় ভোট দেওয়ার সুযোগ রয়েছে, তবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি নির্দিষ্ট শর্ত থাকায় অনেকেই আবেদন করতে আগ্রহ দেখাননি। নিয়ম অনুযায়ী, পোস্টাল ভোটের জন্য আবেদন করার পর যদি কোনো বন্দি ভোটের আগেই জামিনে মুক্তি পান, তাহলে তিনি বাইরে গিয়ে আর ভোট দিতে পারবেন না। এই শর্তের কারণেই কয়েকজন বন্দি আবেদন থেকে বিরত থাকেন।
এ বিষয়ে জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, “যারা ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন, তাদের সবার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের সময় কারাবন্দিদের জন্য পূর্ণ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা হবে। তারা নিজেরা ব্যালটে ভোট দেবেন এবং গোপনীয়তা বজায় রেখে নিজেরাই ব্যালট প্যাকেট করবেন। কেউ দেখার সুযোগ পাবে না তারা কোন প্রতীকে ভোট দিয়েছেন। পরে ডাক বিভাগের মাধ্যমে ব্যালট যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
পোস্টাল ভোট এমন একটি ব্যবস্থা, যেখানে ভোটার সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত না হয়েও ডাকযোগে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই ব্যবস্থার মাধ্যমে কারাবন্দিরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
আপনার মতামত লিখুন :