
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বৈধ প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর মো. ইশতিয়াক, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এবং উপজেলা নির্বাচন অফিসার আমির খশরু গাজী।
সভায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খানের পক্ষে প্রতিনিধি মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জামায়াতে ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মাহামুদুন্নবীর পক্ষে প্রতিনিধি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল ইসলামের পক্ষে প্রতিনিধি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া উপস্থিত ছিলেন।
এছাড়া বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক জিয়াউল হক আকন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি গোলাম মোস্তফা তুহিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের প্রধানগণ সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, “২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক।” তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :