
নিরব আহমেদ রনি, হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাঁচজন নাশকতাকারীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতব্যাপী উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য গাঁজা, হিরোইন, ইয়াবা ট্যাবলেট, দেশি-বিদেশি মুদ্রা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।
আটককৃতরা হলেন— হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের রত্তন রাড়ীর ছেলে ও বর্তমান ইউপি সদস্য লিটন রাড়ী, উজ্জ্বল রাড়ী, আলীগঞ্জ গ্রামের মোঃ আলী, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের মৃত সুলতান আহমেদের ছেলে জামাল হোসেন এবং গৌরনদী উপজেলার সরিকল গ্রামের মৃত হাজী লতিফ উদ্দিনের ছেলে মোঃ এমদাদ।
সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সেনাবাহিনীর এ অভিযানের প্রশংসা করছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :