
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তিনি ভ্যানচালক, রিকশাচালক, পিঠা বিক্রেতা, গৃহকর্মী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তিনি শীতার্তদের খোঁজখবর নেন এবং তীব্র শীতে করণীয় বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন।
কম্বল বিতরণকালে ইউএনও রুমানা আফরোজ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং যেকোনো সংকটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দরজা সবার জন্য খোলা থাকবে।
এ সময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :