সিএইচটি সম্প্রীতি জোটের আত্মপ্রকাশ: বহুজাতিসত্তার প্রতিনিধিত্বে ১৯ সদস্যের কমিটি ঘোষণা


Bangla Prime প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন / ১০০০
সিএইচটি সম্প্রীতি জোটের আত্মপ্রকাশ: বহুজাতিসত্তার প্রতিনিধিত্বে ১৯ সদস্যের কমিটি ঘোষণা

বিশেষ প্রতিবেদন: পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নতুন সামাজিক সংগঠন ‘সিএইচটি সম্প্রীতি জোট’ (CHT Harmony Alliance – CHA) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন এবং স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক।

 

আয়োজকদের দাবি, পার্বত্য চট্টগ্রামের খুমি, শাক, লুসাই, পাংখোয়া, বম, খিয়াং, ম্রো, গুর্খা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মারমা, চাকমা ও বাঙালিসহ মোট ১৪টি জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই জোট গঠিত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে সংগঠনের ১৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে

 

ইঞ্জি. থোয়াইচিং মং শাক – আহ্বায়ক

 

ইখতিয়ার ইমন – সদস্য সচিব

পাইশিখই মার্মা – মুখপাত্র

হিসেবে দায়িত্ব পান।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন শাহীন আলম, তন্ময় চৌধুরী, নিলা মং শাক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান বলেন,“দেশের সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সিএইচটি সম্প্রীতি জোটের ঐক্য পার্বত্য অঞ্চলে শান্তির নতুন দিগন্ত উন্মোচন করবে।”

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক বলেন, “আমরা কোনো বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই। ঐক্য, শান্তি ও উন্নয়নই আমাদের লক্ষ্য। বিভাজন নয়, মানবতার ভিত্তিতে ভ্রাতৃত্বই হবে আমাদের মূল শক্তি।”

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।