নওগাঁয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান


Bangla Prime প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন / ১০০০
নওগাঁয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান

নওগাঁ প্রতিনিধি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।

আজ সোমবার(১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল-লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কর্মসূচীর উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) এর বাস্তবায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যায়ে এই খাল খনন করা হবে।

ভূমিমন্ত্রী বলেন, নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্য নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে।

নিজের মন্ত্রনালয় নিয়ে মিজানুর রহমান বলেন, ভূমি বিষয়ে এখানকার ১০০জনের মধ্যে ১০০জনেরই অভিযোগ রয়েছে। আমি ওপেনলি কিছু বলবো না, বাট আই ডু সামথিং ফর পিপল। আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব। কোন অনিয়ম দুর্নীতি যাতে না থাকে সেজন্য আমরা কাজ করছি এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, আমরা আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। আপনরা নির্দেশ করবেন আপনাদের প্রত্যাশা পূরণ করায় আমাদের দায়িত্ব। আমাদের নেতা প্রধানমন্ত্রী কোন প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ নেয় না। অ্যাডমিনিস্ট্রেশনের ভাইয়েরা দূর থেকে সংবাদ শুনছেন। ক্রিমিনাল ধরেন ফোর্স দিয়ে, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি মানুষের সঙ্গে মিশে থাকতে চাই।

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়ামতপুরের বেলগাপুর-জুলুপাড়া পর্যন্ত বেললতা খালের দৈর্ঘ্য ১২০০ মিটার। খালটি পুনঃখননের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৪ লাখ ৬২ হাজার টাকা। খালের উপরের প্রস্থ ১৪ ফুট, নিচের প্রস্থ ৮ ফুট এবং গভীরতা ৬ ফুট নির্ধারণ করা হয়েছে। খালটি পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ১ হাজার ৫০টি পরিবার সরাসরি উপকৃত হবে। পাশাপাশি প্রায় ৭৫১ হেক্টর জমিতে ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে এবং মৎস্য উৎপাদনও বাড়বে।